ফজলুর রহমানকে বিজয়ের বার্তা দিলেন অষ্টগ্রামবাসী

ফজলুর রহমানকে বিজয়ের বার্তা দিলেন অষ্টগ্রামবাসী

ফন্ট সাইজ:

অষ্টগ্রাম উপজেলার শেষ নির্বাচনী জনসভায় হাজার হাজার জনতার ভালোবাসায় সিক্ত হলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। জনতার বাঁধভাঙা জোয়ার থেকে ধ্বনিত হলো বিজয়ের বার্তা। গতকাল বিকালে অষ্টগ্রাম খেলার মাঠে দেখা গেল এমনই অভূতপূর্ব দৃশ্যের। জনতার ব্যাপক উপস্থিতিতে নির্বাচনী জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার নেতাকর্মীর পদচারণা আর ‘ফজলুর রহমান’, ‘ধানের শীষ’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভাস্থলসহ আশপাশের এলাকা।
জনসভা শুরু হওয়ার বেশ আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। একের পর এক মিছিলে মুখরিত হয়ে ওঠে হাওরের সড়ক-জনপদ। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত স্রোত গিয়ে মিশে জনসভাস্থলে। জনতার ঢলে একপর্যায়ে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। অষ্টগ্রামবাসীর এই উচ্ছ্বাস আর জাগরণ যেন তাদের প্রিয় নেতা ফজলুর রহমানের আসন্ন বিজয়কেই ইঙ্গিত দেয়। ফজলুর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তার সাক্ষ্যও দিলেন হাজার হাজার জনতা। আকাশ-বাতাস প্রকম্পিত করা স্লোগানে মুখর জনসভাস্থল থেকে ফজলুর রহমানও ঘোষণা দিলেন জনতার ভালোবাসার প্রতিদান দিতে তিনি প্রয়োজনে জীবন বিলিয়ে দিবেন। ফজলুর রহমান বলেন, যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকা হিসেবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে গড়ে তুলবো। এখানে চুরি, ছিনতাই, হানাহানি, মারামারি, খুনোখুনি হবে না। জ্ঞানী মানুষ, সৎ মানুষের উপযোগী করে এই এলাকাকে গড়ে তোলা হবে। এখানে শ্রমজীবী মানুষ সম্মানিত হবেন। কোনো নিরীহ মানুষকে সবল মানুষ অত্যাচার-নির্যাতন করতে পারবে না। সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করবে।
তিনি বলেন, একটি সুন্দর বাংলাদেশের জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা যুদ্ধ করছি। কিন্তু এর বিরুদ্ধে একটি চক্রান্ত রয়েছে। কারণ যারা নির্বাচন করলে জামানত নষ্ট হবে, তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু ১২ তারিখ নির্বাচন হবেই। সেই নির্বাচনে আমরা আল্লাহর রহমতে জয়লাভ করবো। তারেক রহমান হবেন এই দেশের প্রধানমন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএনপি’র কোনো বিকল্প নেই। এই দেশকে জ্ঞানে-বিজ্ঞানে, শিক্ষা-দীক্ষায়, চিন্তায়-চেতনায়, সংস্কৃতিতে একটা আধুনিক দেশ বানাতে হবে। এই দেশটা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টানের একটা দেশ। হিন্দু-মুসলমান আমরা বসবাস করবো একসঙ্গে, কেউ কারও গায়ে হাত দেবো না। উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সভাপতিত্বে জনসভায় এডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হোসেন বাবু, সহ-সভাপতি গিয়াস উদ্দিন আশরাফ, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল আলম আকতার প্রমুখ বক্তব্য রাখেন। জনসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন