চিলমারীতে ব্রাজিল ৩শ’ ও আর্জেন্টিনার ২শ’ হাত পতাকা

চিলমারীতে ব্রাজিল ৩শ’ ও আর্জেন্টিনার ২শ’ হাত পতাকা

ফন্ট সাইজ:

পর্দা উঠলো বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের। এ নিয়ে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে ও ব্যানারসহ শোভাযাত্রা বের করে স্বাগত জানানো হচ্ছে বিশ্বকাপ ফুটবল ও প্রিয় দলকে। কুড়িগ্রামের চিলমারীতেও ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বড় পতাকা তৈরির উৎসব ও উন্মাদনা দেখা গেছে। বিশেষ করে উপজেলার হাটিথানা পুঁটিমারী এলাকায় ব্রাজিলের ভক্ত যুবসমাজ নিজ উদ্যোগে প্রায় ৩০০ হাত ও আর্জেন্টিনার সমর্থকরা নিজেদের উদ্যোগে প্রায় ২০০ হাত পতাকা তৈরি করে শোভাযাত্রা করেছেন। উপজেলার ৬টি ইউনিয়নের গ্রামাঞ্চলের রাস্তাঘাট, বাজার ও গাছ, বাড়ির ছাদ, বাঁশের খুঁটি ও কৃষিজমিতে টাঙানো হয়েছে তাদের প্রিয় দলের পতাকা ও গায়ে প্রিয় দলের জার্সি পরিধান করে চষে বেড়াতে দেখা গেছে। সরজমিন দেখা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুঁটিমারী এলাকায় ভক্তরা ব্রাজিলের ৩০০ হাত ও আর্জেন্টিনার ২০০ হাত পতাকা নিয়ে বৃহস্পতিবার দুপুরে শোভাযাত্রা করেছেন। শোভাযাত্রা শেষে বাঁধের রাস্তার দু’পাশে দুই দলের ভক্তরা প্রিয় দলের পতাকা টাঙিয়ে দিয়েছেন। এছাড়াও শহর ও গ্রামের অলিগলিতে রাস্তার দু’ধারে, গাছ বা বাড়ির ছাদে বাসাতে দোল খাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ইরান, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশের পতাকা। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সর্মথকের মধ্যে চলছে পতাকা বানানোর প্রতিযোগিতা। দর্জির ও আর্টের দোকানগুলোতে ভিড় লক্ষ করা গেছে।
স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিশ্বকাপে এলাকার তরুণেরা মিলে নিজেদের প্রিয় দলের পতাকা লাগানোর এ উদ্যোগ গ্রহণ করে থাকেন। উৎসাহ দিতে এলাকার প্রবাসী ও বড়রাও এতে অর্থায়ন করেন শুধু তাই নয়, অনেক বৃদ্ধাও আসছেন এগিয়ে। স্থানীয়রা আরও জানান, দুই দলের সর্মথকের মধ্যে অনেকদিন থেকেই চলছে কথার ঢিল ছোড়াছুড়ি, তবে তারা আশঙ্কায় রয়েছেন এই কথার ঢিল ছোড়াছুড়ি যেন সহিংসতার রূপ না নেয়। ব্রাজিল সমর্থক রাসেল বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের এলাকায় ব্রাজিল সমর্থক বেশি। আমরা যে দলেই পছন্দ করি না কেন সবাই মিলেমিশে একসঙ্গে বসে খেলা উপভোগ করে থাকি। হাটিথানা এলাকার পলাশ নামের এক আর্জেন্টিনা সমর্থক বলেন, বিশ্বকাপ এলেই ফুটবল খেলা নিয়ে এলাকায় বিভিন্ন দলের সমর্থক তাদের প্রিয় দলের পতাকা টাঙানো ও জার্সি পরতে দেখা যায়। দল যার যার হলেও আমরা সবাই একযোগে আনন্দ করি। আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়দের খেলা আমার ভালো লাগে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন