বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি জোরদারে উচ্চ পর্যায়ের সম্মেলন হচ্ছে ঢাকায়

বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি জোরদারে উচ্চ পর্যায়ের সম্মেলন হচ্ছে ঢাকায়

ফন্ট সাইজ:

বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে ঢাকায় উচ্চ পর্যায়ের একটি সম্মেলনের আয়োজন করছে সরকার। শনিবার ‘রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি ২০২৬: নেভিগেটিং রিস্কস, লিভারেজিং রেজিলিয়েন্স’ শীর্ষক এ সম্মেলন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ ব্যবসায়ী নেতারা অংশ নেবেন।

সম্মেলনে বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদার এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হবে। এ উপলক্ষে তিনটি পৃথক থিমেটিক সেশন অনুষ্ঠিত হবে।

‘দ্য পলিসি কম্পাস- অ্যাডভান্সিং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক প্রথম অধিবেশনে নীতিগত স্থিতিশীলতা, বাজারে প্রবেশাধিকার এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। দ্বিতীয় অধিবেশন ‘ক্যাপিটাল ফর গ্রোথ- ফাইন্যান্স, কমার্স অ্যান্ড ট্রেড’-এ অর্থায়ন সংস্কার এবং বিনিয়োগ আহরণের উপায় নিয়ে আলোচনা হবে। আর ‘দ্য নিউ স্টেজ- গভর্নমেন্ট পলিসি, এআই, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড স্পোর্ট’ শীর্ষক তৃতীয় অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীল শিল্প ও ক্রীড়াসহ সম্ভাবনাময় নতুন খাত নিয়ে আলোচনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ও ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান সম্মেলনের উদ্বোধন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতিতে চলমান পরিবর্তন, ঝুঁকি ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় জোরদার, অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন