গাজীপুরের কালীগঞ্জে রমজান মাস শুরু হতে না হতেই ফলমূল, কাঁচা বাজার, সবজি ও লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। খুচরা বাজারে ইফতারের প্রধান উপকরণ খেজুর থেকে শুরু করে আঙুর, আনার ও আপেল সবকিছুর দামই এখন আকাশচুম্বী। এছাড়া প্রতি হালি লেবুর দাম কমপক্ষে ২০০ টাকা। রমজানে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা সবজির দাম দ্বিগুণ হয়েছে। ক্রেতাদের অভিযোগ, প্রতি বছরের মতো এবারো বাড়তি চাহিদাকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা করছেন ব্যবসায়ীরা। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ, জামালপুর, বক্তারপুর, আওড়াখালী এবং দোলানবাজারসহ আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে মেডজুল খেজুর, যার প্রতি কেজি ১৫০০ থেকে ১৬০০ টাকা, মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১২৫০ টাকা, কালমি ৮০০ থেকে ৯০০ টাকা, সুকারি ৮০০ টাকা এবং মিনিফি খেজুর ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। খেজুরের পরেই দামের দিক থেকে শীর্ষে রয়েছে আনার; মানভেদে প্রতি কেজি ৫০০ থেকে ৬২০ টাকায় বিক্রি হচ্ছে। কালো আঙুর ৬০০ টাকা এবং সবুজ আঙুর ৪৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া গ্রিন আপেল ও ড্রাগন ফল ৪২০ টাকা, ফুজি আপেল ও নাশপাতি ৪০০ টাকা এবং কমলা ৩৬০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মালটা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। তুলনামূলক কম দামের ফলের তালিকায় থাকা পেঁপে ১৬০ থেকে ১৮০ টাকা, বরই ১২০ থেকে ১৬০ টাকা, পেয়ারা ১২০ থেকে ১৫০ টাকা এবং বেল ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি ফলের সরবরাহ থাকলেও রমজান উপলক্ষে এগুলোর দামও আগের তুলনায় বেড়েছে বলে জানান ক্রেতারা। এছাড়া ডজনপ্রতি সবরি ও সাগর কলা ১৫০ থেকে ১৮০ টাকা এবং চম্পা কলা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দাম যাচাই করতে আসা ইসমাইল হোসেন শেখ বলেন, এই মাসের শুরুতে গ্রিন আপেল কিনেছি ৩২০ টাকায়, আজ চাচ্ছে ৪২০ টাকা। রোজা এলেই ব্যবসায়ীরা এমন করে। দামের ঊর্ধ্বগতি প্রসঙ্গে জামালপুর বাজারের ফল ব্যবসায়ী রিপন বলেন, তারা পাইকারি আড়ত থেকে ফল কেনেন। সেখানে একেক সময় একেক দামে কিনতে হয়। পাইকারিতে যে দামে কিনি, সীমিত লাভে সেটা বিক্রি করি। অনেক সময় ফলের নিচে নষ্ট থাকে সেই লোকসানও আমাদের বহন করতে হয় বলেন তিনি। অন্য বিক্রেতাদের ভাষ্য, আমদানি খরচ বৃদ্ধি এবং রমজানে বাড়তি চাহিদাই খুচরা বাজারে প্রভাব ফেলছে। তাদের দাবি, প্রতিদিন পাইকারি দামের ওঠানামার কারণে খুচরা বাজারও অস্থির থাকে।
রমজানে কালীগঞ্জে সবকিছুর দামে ঊর্ধ্বগতি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
