বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে বিএনপি’র অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গতকাল রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা ওয়ার্ড বিএনপি’র অফিসে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও বিএনপি’র নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, ওয়ার্ড বিএনপি অফিসে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিলে বিদ্যুতের লাইন সংযোগ থাকায় মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই পুরো ঘর প্রায় ভস্মীভূত হয়ে যায়। এ ব্যাপারে শরণখোলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আফতাব-ই আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল প্রায় ১৫ কিলোমিটার পৌঁছতে কিছু সময় লেগে যায়। ফলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে। উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন মিলন বলেন, সোনাতলা গ্রামের কিছু আওয়ামীপন্থি লোকজন জামায়াতে যোগদান করেছে তারাসহ জামায়াতপন্থিরা এ আগুন লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১৯শে ফেব্রুয়ারি রাতে জামায়াতের কিছু লোকজন বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধমকি দিয়েছে। এ ব্যাপারে শরণখোলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম কবির বলেন, জামায়াত প্রতিহিংসা রাজনীতি করে না। কর্মীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে না বলে তিনি মন্তব্য করেন। নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কিছু ঘটনা ঘটলেও আমরা মিলেমিশে এলাকায় বসবাস করতে চাই। শরণখোলা থানার ওসি মো. শামীনুল হক বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
