আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে প্রভাতফেরি র্যালি অনুষ্ঠিত হয়। র?্যালি শেষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা এমপি’র পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.) এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বোরহান উদ্দিন আহমেদ। এ সময় মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং ইউনিটের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আউটডোর টিকিট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি সকল অপারেশনে ২০ শতাংশ ছাড়, চোখের ছানি রোগীদের ফ্যাকো অপারেশনে ৩০ শতাংশ ছাড়, ফিজিওথেরাপিতে ৩০ শতাংশ ছাড় এবং ডায়ালাইসিসে বিশেষ ছাড় দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাষা শহীদদের স্মরণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এমন সেবামূলক কর্মসূচি চালু রয়েছে।
মাতৃভাষা দিবসে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
