শহীদ মিনারে ‘জয় বাংলা’ মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

ফন্ট সাইজ:

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতিয়ার কবীর বাপ্পী (৪০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পী দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের নুরুল কাইয়ুম মাস্টারের ছেলে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতাকর্মী উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জয় বাংলা’ মিছিল নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে এলে বাধা দিলে পুলিশের ওপর তেড়ে আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ফুলের তোড়াসহ ইফতিয়ার কবীর বাপ্পীকে গ্রেপ্তার করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা অন্ধকারের ভেতর থেকে ফুলের তোড়া হাতে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক দেয়ার সময় পুলিশি বাধার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। যা নিয়ে নেটিজেনরা ফেসবুকে বিরূপ মন্তব্য করেন।
ফুলবাড়ীয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে শহীদ মিনারে দায়িত্বরত পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। গ্রেপ্তারকৃত ইফতিয়ার কবীরকে আদালতে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন