সরকারি জমি ও খাল বেদখলমুক্ত করতে আইনি প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামীর আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সুবিধা নিশ্চিত করতে পাঁচ বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। শনিবার সকাল ১১টায় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে ২১শে ফ্রেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন। হাটহাজারী ও বায়েজিদ প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো অপরাধীকে এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না, আইন অনুযায়ী সবার বিচার নিশ্চিত করা হবে। খালগুলো পুনরুদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনা হবে, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন। একইসঙ্গে যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে। বাসস্ট্যান্ড থেকে চৌধুরীহাট, বড়দীঘির পাড় ও অক্সিজেন এলাকা পর্যন্ত যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেয়া হবে। এ ক্ষেত্রে সামাজিকভাবে স্বেচ্ছাসেবক সম্পৃক্ত করারও আহ্বান জানান তিনি। সড়ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চৌধুরীহাট এলাকার সড়কের উন্নয়ন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আরও কয়েকটি সড়কের কাজ শুরু হবে। যেসব রাস্তার অনুমোদন বা অর্থায়ন এখনো হয়নি, সেগুলোর তালিকা দিলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। নির্বাচিত হওয়ার পর আমি হাটহাজারীর পাঁচ লাখ মানুষের অভিভাবক। দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবো। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক বিভেদ রাখা হবে না।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল: মীর হেলাল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
