জামালপুরে রোদ পোহাতে গিয়ে ট্রেনের নিচে প্রাণ গেল বৃদ্ধের

ফন্ট সাইজ:

জামালপুরের মেলান্দহে রেললাইনে বসে রোদ পোহাতে গিয়ে মো. কোরমান আলী (৬৫) নামে এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরমান আলী উপজেলার বাঘাডোবা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আহাল আলীর ছেলে। জানা যায়, নিহত কোরমান আলী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রতিদিন ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে মেলান্দহ রেলস্টেশনের পাশে রেললাইনের ধারে বসে রোদ পোহাতেন। সকালে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে কাটা যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, রেললাইনের পাশে বসে রোদ পোহানোর সময় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন