যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের শক্তির হাতে দেশের দায়িত্ব দেয়া যায় না। গতকাল সন্ধ্যা ৬টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। জনগণ অতীতে ফিরে যেতে চায়, নাকি সামনে এগিয়ে যেতে চায়। স্বাধীনতার পক্ষে থাকা শক্তির সঙ্গে থাকবে, নাকি স্বাধীনতার বিরোধীদের পাশে দাঁড়াবে, সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে সংসদে গণতন্ত্র সুসংহত হয়েছে এবং মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তার সময়ে দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী ছিল বলেও দাবি করেন তিনি। বিএনপি একটি স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা এবং মানুষের চাহিদা পূরণে সক্ষম বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতেও সে ধরনের দায়িত্ব পালনে সক্ষম ছিল না এবং ভবিষ্যতেও পারবে না।
জনসভায় উপস্থিত ছিলেন- পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী এবং সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্বাধীনতার প্রশ্নে আপস নয়: মির্জা ফখরুল
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
