মুসলিম দেশগুলোকে নিয়ে খামেনির ‘গোপন কৌশল’

মুসলিম দেশগুলোকে নিয়ে খামেনির ‘গোপন কৌশল’

ফন্ট সাইজ:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার বলেছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এমন নীতি অনুসরণ করছেন, যার লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের মুসলিম ও আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল থেকে দূরে সরিয়ে আনা।

পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রুরা আরব ও মুসলিম দেশগুলোকে তেহরানের বিরুদ্ধে সংঘবদ্ধ করার চেষ্টা করেছিল। তবে ইরানের বর্তমান নেতৃত্ব সেই পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে।
তিনি বলেন, আজ যে নীতিগুলো অনুসরণ করা হচ্ছে এবং যেগুলো আমাদের প্রিয় নেতা অনুসরণ করছেন, সেগুলো এই পরিকল্পনাকে পরাজিত করছে। ফলে আঞ্চলিক দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরাইল থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে এবং এই প্রক্রিয়া এগিয়ে চলছে।

ইরানের প্রেসিডেন্ট আরও জানান, গত দেড় বছরে তিনি প্রতি সপ্তাহেই সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেছেন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

পেজেশকিয়ানের অভিযোগ, ইরানের প্রতিপক্ষ দেশটির অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করতে চায়। তবে বোমা হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো জাতিকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শত্রুপক্ষের উদ্দেশ্য ছিল ইরানের জাতীয় ঐক্য দুর্বল করা। কিন্তু সংকটের সময়ে দেশের জনগণ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে।
একই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও সরকারি ব্যক্তিদের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন, এটা গ্রহণযোগ্য নয় যে শত্রু বাহিনী এত সহজে ইরানের কমান্ডার ও কর্মকর্তাদের হত্যা করতে পারে।

বিশ্লেষকদের মতে, তেহরান একদিকে অভ্যন্তরীণ সংহতির ওপর জোর দিচ্ছে, অন্যদিকে মুসলিম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রভাব কমানোর কৌশল অনুসরণ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন