দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি বস্তিতে নির্বিচারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও আল জাজিরার।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা মঙ্গলবার রাতে এই হামলা চালিয়েছে। এতে আরও নয়জন আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
দেশটির পুলিশের একজন মুখপাত্র কর্নেল ডিমাকাতসো নেভহুলউই বলেন, ঘটনাস্থলেই আটজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং তিনজন নারী নিহত হয়েছেন।
তিনি বলেন, অভিযুক্তরা প্রবেশপথ দিয়ে বস্তিটিতে প্রবেশ করে এবং এলাকা জুড়ে একাধিক স্থানে বাসিন্দা ও সম্প্রদায়ের সদস্যদের ওপর গুলি চালায়। এরপর একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন বলে জানান তিনি। এই হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি। দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তত ১২ জন সন্দেহভাজনকারীকে ধরতে অভিযান চলছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি জোহানেসবার্গ শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে ক্লিভল্যান্ড নামে একটি এলাকায় হয়েছে।
