চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য সিএভি করে রেখেছেন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুবালের প্রসিকিউটর ফারুক আহমেদ।
এ মামলার আসামিরা হলেন মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত সহিংসতায় ছয়জনকে হত্যার ঘটনায় আসামিরা উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্রে অংশগ্রহণ এবং হত্যাকাণ্ড সংঘটনে ভূমিকা রাখেন। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এর আগে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে সর্বশেষ আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করে। এরপর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য সংরক্ষণ করেন।
রায়ের জন্য সিএভি করে রাখার অর্থ হলো, ট্রাইব্যুনাল তাৎক্ষণিক রায় না দিয়ে বিষয়টি বিবেচনায় রেখে পরবর্তীতে সুবিধাজনক সময়ে রায় ঘোষণা করবেন। এখন নির্ধারিত কোনো একদিন এই বহুল আলোচিত মামলার রায় প্রকাশ করা হবে।
