টোকিওতে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘গেট টুগেদার’ খ্যাত ঈদ পুনর্মিলনী ’২৬ অনুষ্ঠিত

টোকিওতে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘গেট টুগেদার’ খ্যাত ঈদ পুনর্মিলনী ’২৬ অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

জাপানের রাজধানী টোকিওতে সমমনা বন্ধুদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘গেট টুগেদার’ খ্যাত “ঈদ পুনর্মিলনী ’২৬” অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন (রোববার) টোকিওর কিতা সিটির আকাবানে বুনকা সেন্টারের বিভিও হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের প্রধান সস্ত্রীক উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের বিশিষ্ট প্রবাসীরা এতে অংশগ্রহণ করেন।

দেলোয়ার হোসেন ডিও, আফতাব উদ্দিন, মঞ্জু ও সোহাগ হোসেনের নিরলস প্রচেষ্টায় সমমনা বন্ধুদের সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়িত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করা, পারস্পরিক সৌহার্দ্য, সহানুভূতি ও শ্রদ্ধাবোধের চর্চার মাধ্যমে প্রবাসীদের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজকদের অন্যতম দেলোয়ার হোসেন ডিও বলেন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, গণতান্ত্রিক চর্চা জোরদার করা, মতামতের প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন প্রজন্মের জন্য নতুন দিগন্ত উন্মোচন করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, জাপানে প্রবাসীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের জন্য উপযুক্ত হলের সংকট দীর্ঘদিনের। বর্তমান পরিস্থিতিতে সেই সংকট আরও প্রকট হয়েছে। এ সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করা এবং টোকিও অথবা এর নিকটবর্তী এলাকায় একটি স্থায়ী কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ প্রস্তাবকে স্বাগত জানান এবং একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ঈদ পুনর্মিলনীটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন