মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে মাহাতাব হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার হিজলবাড়ীয়া-সাহারবাটী মাঠে সাপের কামড়ের ঘটনা ঘটে। পরে দুপুরে সে মারা যায়। নিহত কৃষক জেলার গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিতে কাজ করতে যান মাহাতাব। এ সময় জমির আইলের পাশে একটি গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় চৌগাছা গ্রামের ওঝা ইদ্রিস আলীর কাছে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, ওঝা প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ঝাড়ফুঁক করলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে ওঝা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা দুপুরের দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।




ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন