১০ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ-ফারজানা রুপাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
এর আগে গত ১১ই মে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দেন হাইকোর্ট। ফারজানা রুপাকে ৬ মামলায় ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দেন আদালত। এ ছাড়া তাদের ২ জনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে ১০ মামলায় এই সাংবাদিক দম্পতিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ই আগস্ট তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। পরবর্তীতে ২১শে আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। ওইদিন তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন।
দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি: এদিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১০ই আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালাত। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এদিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করে আসামি দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম মানবজমিনকে বলেন, এ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাসহ ৯ আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গতকাল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন তাদেরকে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আগামী ১০ দিনের মধ্যে যেকোনো ১ দিন তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। ৩ আসামি ছাড়াও এ মামলায় গ্রেপ্তার হয়ে আরও ৬ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেনÑ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করা হয়।
