ধানের শীষে ভোট চেয়ে ময়মনসিংহের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ওয়াহাব আকন্দ

ফন্ট সাইজ:

আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিলে বিভাগীয় নগরী ময়মনসিংহ-৪ (সদর) আসনের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপি’র প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের দুঃশাসনে আমরা নির্যাতিত-নিপীড়িত হয়েছি। বঞ্চিত হয়েছি এলাকার উন্নয়ন থেকে। আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে দেশের সর্বকনিষ্ঠ এই নগরীকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি ময়মনসিংহকে শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। রোববার বিকালে ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে ময়মনসিংহ-৪ (সদর) আসনে সর্বশেষ নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় ওয়াহাব আকন্দ আরও বলেন, দেশের মানুষ গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় করে এখন গুপ্ত সন্ত্রাসীদের মুখোমুখি হয়েছে। এই গুপ্ত সন্ত্রাসীরা নানা কায়দায় ভুল বুঝিয়ে মানুষদের বিভ্রান্ত করে ফায়দা হাসিল করতে মরিয়া হয়ে উঠেছে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে এই গুপ্ত সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
মনে রাখবেন- মানুষের ভালোবাসাই বিএনপি’র বড় শক্তি। আগামী ১২ তারিখ এই শক্তি দিয়ে একাত্তরের পরাজিত শক্তিকে চিরতরে উৎখাত করতে হবে। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি ব্যক্ত করে ধানের শীষের প্রার্থী ওয়াহাব আকন্দ আরও বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের সর্বকনিষ্ঠ এই নগরীকে তিলোত্তমা নগরী এবং ময়মনসিংহকে শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সেইসঙ্গে সদর আসনের ৯৯টি ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা প্রতিষ্ঠা, বেকার সমস্যা মোকাবিলায় নতুন কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাস নিমূল, ব্রহ্মপুত্র নদের ওপারে প্রশাসনিক থানা প্রতিষ্ঠা, কৃষির উন্নয়নে সংরক্ষণাগার স্থাপন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, কৃষি ঋণ মওকুফে ব্যবস্থা গ্রহণ, উদ্যোক্তা তৈরিতে সরকারিভাবে বিনিয়োগের ব্যবস্থা গ্রহণ, নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেইলি ব্রিজ স্থাপন, স্বাস্থ্য সংকট দূরীকরণে সদর উপজেলার চরাঞ্চলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী রানা, কোতোয়ালি বিএনপি’র সদস্য সচিব আতারুল ইসলাম বুলবুল, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু প্রমুখ। প্রস্তুতি সভায় ময়মনসিংহ মহানগর, দক্ষিণ জেলা এবং কোতোয়ালি বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ সদর উপজেলার ৯৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন