কুমিল্লায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের মিছিল, আটক ৪৬

কুমিল্লায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের মিছিল, আটক ৪৬

ফন্ট সাইজ:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নলচর মাটিয়ারা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এসময় এলাকাবাসীর ধাওয়ার মুখে অন্তত ৪৬ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ৩টি মাইক্রোবাস ও ২টি বাস।

স্থানীয় সূত্র জানায়, ৭ই জুন দুপুর আড়াইটার দিকে নিমসার, দেবীদ্বারসহ বিভিন্ন এলাকার ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। পরে সদর দক্ষিণ উপজেলা যুবদল নেতা এরশাদ ও ২৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রবিউল, করিমসহ স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এলাকাবাসী তাদের ধাওয়া করে। একপর্যায়ে ৪৬ জনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ৩টি মাইক্রোবাস ও ২টি বাস জব্দ করা হয়।

স্থানীয়দের দাবি, শনিবার রাতে কুমিল্লার সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হুমকি এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিতর্কিত মন্তব্য করা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উসকে দেওয়ার অভিযোগ উঠে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আটক ব্যক্তিদের সদর দক্ষিণ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। জব্দ করা যানবাহনগুলোও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত ৪৬ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই ও অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন