ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সরকারের প্রথম ১০০ দিনকে সামগ্রিকভাবে আশাব্যঞ্জক ও সম্ভাবনাময় হিসেবে মূল্যায়ন করলেও সুশাসন, দুর্নীতি দমন এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর উদ্যোগের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।
রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘শততম দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সরকারের বিভিন্ন কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন ও দুর্নীতিবিরোধী উদ্যোগের চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ইতিবাচক কিছু উদ্যোগ থাকলেও কার্যকর সংসদ প্রতিষ্ঠার দৃশ্যমান অগ্রগতি এখনো দেখা যায়নি। অধিকাংশ সংসদীয় কমিটি গঠন না হওয়া এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয় বলেও উল্লেখ করা হয়।
টিআইবির প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ‘অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র’ শীর্ষক পরিসংখ্যানে দেখা যায়, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি, আর চুরির ঘটনা ২ হাজার ২১৪টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ৩ হাজার ৪৯৬টি।
এছাড়া আলোচিত সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশু ৪৯ থেকে ৭১ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের প্রথম ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট ও অরাজকতার ঘটনা অব্যাহত রয়েছে। সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সরকারের ১০০ দিন
আশাব্যঞ্জক হলেও সুশাসন নিয়ে উদ্বেগ: টিআইবি
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৭ জুন (রবিবার), ২০২৬, ১ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

মিজান
৩৯ মিনিট আগেবিএনপি ক্ষমতায় আসলেই টিআইবি তথাকথিত তথ্য-উপাত্ত(?)নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এটাই দেখেছিলাম। আবার শুরু হয়ে গেছে।