দোষীদের শাস্তি দিয়ে হাসপাতাল সেবা চালু রাখার দাবি

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু

দোষীদের শাস্তি দিয়ে হাসপাতাল সেবা চালু রাখার দাবি

ফন্ট সাইজ:

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দাবি উঠেছে। তবে হাসপাতালের সেবা যাতে সচল থাকে সেটিও দাবি রাখা হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উঠে আসে। ঘটনার মধ্যস্থতাকারী হিসেবে সংবাদ সম্মেলনটির আয়োজন করেন আইনজীবী শিশির মনির।

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশির মনির জানিয়েছেন, আদ্-দ্বীন কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের দায়িত্ব নেয়াসহ আজীবন চিকিৎসা সেবা দেয়া, মেডিকেল কলেজে পড়ার উপযুক্ত কেউ থাকলে বিশেষ ছাড়ে পড়ার সুযোগ দেয়াসহ চাকরির সুযোগ দেবে।

শিশির মনির বলেন, ‘সরকারের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং হাসপাতালকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দেশের প্রচলিত আইন অনুযায়ী এটি মোকাবিলা করবে।’

তিনি বলেন, ‘‘দেশের অন্যান্য জায়গার চেয়ে আনুপাতিক হারে ৫০ থেকে ৭০ শতাংশ কম দামে চিকিৎসা দেয়া হয় আদ্-দ্বীনে। আজ পর্যন্ত আদ্-দ্বীনে ১০ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা নিয়েছে, ৩ লাখের অধিক ডেলিভারি করেছে। কিন্তু যা হয়েছে তার জন্য ভুক্তভোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ মর্মাহত। আমরা মনে করি, আদ্-দ্বীন হাসপাতাল ভুক্তভোগীদের পাশে থাকবে এবং আদ্-দ্বীন কর্তৃপক্ষ ও ভুক্তভোগীদের পরিবার মনে করে হাসপাতালের সেবা চালু রাখা প্রয়োজন। কিন্তু ‘উপযুক্ত ব্যক্তির’ এবং উপযুক্ত কারণে সুনির্দিষ্ট কারণে শাস্তি হওয়া উচিত। এই বিষয়ে হাসপাতাল প্রাথমিক ব্যবস্থা নিয়েছে।’’

হাবিবুর রহমান নামের একজন ভুক্তভোগী বলেন, ‘আমার আগের দুই সন্তান এখানে নর্মাল ডেলিভারিতে হয়েছে। এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটার ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। শাস্তি অনেক রকম হয়। আমরা ইতিমধ্যে মামলা করেছি। আমরা চাই, আদ্-দ্বীনের সার্ভিস যাতে চলতে থাকে। দেশের মানুষ যাতে বঞ্চিত না হয়। তাদের সার্ভিসে ত্রুটি থাকলে সেটি সংশোধন করুক।’

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আব্দুস সবুর, হাসপাতালের মহা-পরিচালকসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন