বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের ভূত আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, একসময় দেশের রাজনীতিতে সন্ত্রাস ও গুন্ডামির ভূত এবং লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির ভূত ছিল এখন সেই চক্র আবার ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছে। গতকাল বিকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে জনসভায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, শিল্পোদ্যোক্তা ও প্রবাসীদের সম্মিলিত পরিশ্রমে অর্থনীতির চাকা সচল থাকলেও দুর্নীতিবাজ রাজনীতিকদের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। পাঁচ ভাই-বোন সারাদিন পরিশ্রম করে যা আয় করে, রাতের অন্ধকারে একজন সব লুট করে নেয়, তাহলে সেই সংসারে কখনো স্বাচ্ছন্দ্য আসতে পারে না। আজ বাংলাদেশে একই অবস্থা। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের অর্থনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তন হয়নি। তার ভাষায়, আগে বিদেশি শাসকরা এদেশের সম্পদ লুটে নিজেদের দেশে নিয়ে যেতো, এখন দেশীয় শাসকরা সেই সম্পদ বিদেশে পাচার করে। বছরে কোটি কোটি, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। দেশের মানুষ আর দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না। এ প্রেক্ষাপটে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী ঐক্যের পক্ষে ভোট চান তিনি।
জনসভায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেয়ার আহ্বান জানান এবং খুলনার ৬টি আসনে ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, জনগণের ভাত ও ভোটের অধিকার হরণ করা হয়েছে এবং দেশে খুন-গুমের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের ডুমুরিয়া উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, ডাকসু’র নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, খুলনা জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মণ্ডল প্রমুখ।
‘লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির ভূতচক্র ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছে’
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
