পবিত্র রমজানের প্রথম দিন। অন্যদিনের মতোই সকাল, তবে কয়েকটি অসচ্ছল পরিবারের ঘরে ছিল কিছুটা স্বস্তির বাতাস। সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘স্বপ্ন নিয়ে পথ চলা’- নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় ২০টি পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। একজন নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান প্রবাসীর অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ ছিল চাল ৫ কেজি, ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ২ কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, সেমাই ১ প্যাকেট, মুড়ি ২ কেজি (৪ প্যাকেট) এবং খেজুর ১ কেজি-যাতে সেহ্রি ও ইফতারে অন্তত এক মাসের খাদ্যসংকট কিছুটা লাঘব হয়। ধানগড়া এলাকার সখিনা বেওয়া বলেন, রমজানকে সামনে রেখে তিনি খাদ্যসংকট নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এই সহায়তা তার পরিবারকে স্বস্তি দিয়েছে। ধামাইনগর ইউনিয়নের শিকারপুর এলাকার রহিমা বেওয়াও জানান, এমন সহায়তা তাদের মতো অসহায় মানুষের জন্য বড় ভরসা। সংগঠনটির প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলী বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তিনি জানান, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব। এ সময় সংগঠনের সদস্য সাকমান হাবিব আকাশ, রায়হান, আশাদুল ইসলাম ও মওদুদ উপস্থিত ছিলেন।
রায়গঞ্জে রমজানের প্রথম প্রহরে ২০ পরিবারে খাদ্য পৌঁছালো স্বেচ্ছাসেবী সংগঠন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
