কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গত ২৪ ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে রয়েছে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের পদ্মকোট গ্রামের রহিমা বেগম (৫৫), দেবিদ্বার পৌর এলাকার রাবিয়া আক্তার, শিবনগর গ্রামের মানহা আক্তার, ছোট আলমপুরের মো. আনাছ, নামির হাসান, মো. জাভেদ, মো. ইয়াছিনসহ অনেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু ইবনে সিনা ইকরাম জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে, আশঙ্কাজনক বিষয় হলো, গত দেড় বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে আক্রান্তদের জন্য রেবিসের (র্যাবিস) ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ভ্যাকসিন না পেয়ে অনেক রোগী বাধ্য হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বা ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চলে যাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়রা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
দেবিদ্বারে একদিনে কুকুরের কামড়ে আহত ১৫, ভ্যাকসিন সংকট
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
