ধানের শীষে ভোট দিন, উন্নয়নের দায়িত্ব আমি নেবো: এম নাসের রহমান

ধানের শীষে ভোট দিন, উন্নয়নের দায়িত্ব আমি নেবো: এম নাসের রহমান

ফন্ট সাইজ:

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, আমি কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবো বুঝতে পারছি না। এতদিন ভেতরে ভেতরে ছিল আমার বোধহয় প্রতিদ্বন্দ্বিতা দাঁড়িপাল্লার সঙ্গে। দাঁড়িপাল্লার মালিকই বলে গেছেন দাঁড়িপাল্লা নেই। তাহলে দাঁড়িপাল্লা কার প্রার্থী? এটা তো রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রমী ব্যাপার। জোটে মানে না। তার দল তাকে মানছে না। তাকে স্টেজে উঠতে দেয়নি। তাহলে কার হয়ে নির্বাচন করছেন? যেই লোক উপজেলা নির্বাচন করে তিন নাম্বার হয়েছেন, তাও আবার বিএনপি’র ভোট কিছুটা পেয়ে। হঠাৎ করে কোনো কথা নেই, বার্তা নেই এমপি ইলেকশনে। আমরা হয়তো কোনো অদৃশ্য প্রার্থী সঙ্গে লড়ছি। গতকাল বিকালে রাজনগর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গোবিনবাটিতে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, এখন আমার ওয়ার্ড, ইউনিয়ন, থানা নেতৃবৃন্দকে বলছি, ভাই নির্বাচনী বাহ্যিক প্রচারণার আর দুইদিন আছে। আর ঘরে বসে পাবে আরও দুই দিন। ১১ তারিখ তো সব প্রস্তুতির ব্যাপার। এদিন কোনো ক্যানভাস হবে না। তিনি অভিযোগ করেন, ধানের শীষের এতসব ব্যানার, বিলবোর্ড অথচ মানুষ পায় না। আজ বুঝতে পারছি আমাদের ব্যানার আর ফেস্টুন খুলে খুলে এই যে অদৃশ্য গুপ্তদল তার মানুষ দিয়ে নামিয়ে নিয়ে গেছে। এটা আজকে বলতে পারি। ব্যানার আর ফেস্টুন নামিয়ে কি আমার ভোট নেয়া যাবে? এটা শিশুর মতো কাজ করছে। ইনশাআল্লাহ, ধান ছড়ার ভোটের কোনো অভাব হবে না। এখানে অন্য কোনো মার্কা তেমন কোনো ভোট পাবে না। আমার দলের নেতাকর্মীদের বলবো, আপনার এতদিন অনেক কষ্ট করেছেন এখন ফসল উঠাতে হবে তো। ফসল যদি ভোটের দিন ঠিকমতো উঠাতে না পারেন, এ দোষ কার? নাসের রহমান বলেন ভোটের দিন সেন্টার পাহারা দিতে হবে। কারণ এই সেন্টারে জোচ্চরেরা যে চুরি করতে চায়, তাদের তো চুরি করা ছাড়া কোনো উপায় নেই।
তিনি আরও বলেন, এই ১৭ বছরে রাজনগরের যে উন্নয়ন বঞ্চিত হয়েছে, সেটা চালু করতে হলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। তাহলে আমি উন্নয়নের দায়িত্ব নিবো। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের, জেলা বিএনপি’র সদস্য আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, রাজনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুন্দর বক্স, রাজনগর উপজেলা যুবদলের সভাপতি জোসেফ আহমেদ প্রমুখ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন