নেদারল্যান্ডসকে হারিয়ে আগেই ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিশ্চিত করে স্কটল্যান্ড। তাই ডাচদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিদের ম্যাচটি ছিল কেবল নিয়ম রক্ষার। আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে গতকাল নেদারল্যান্ডসকে ১৩ রানে হারায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ৮ ওভারে নেমে আসা ম্যাচে দিলারা আক্তার দোলার রেকর্ড গড়া ফিফটিতে ৩ উইকেটে ৯৮ রান করে বাংলাদেশ। ২২ বলে ফিফটি ছুঁয়ে নারী ক্রিকেটে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পঞ্চাশের রেকর্ড গড়েন তিনি। এরপর জবাবে ৫ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস থামে ৮৫ রানে। স্কটল্যান্ডের মাঠে ত্রিদেশীয় সিরিজে এটিই ছিল শেষ ম্যাচ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় খেলা। ওভার কমিয়ে ইনিংসপ্রতি রাখা হয় ৮ ওভার করে। যেখানে দিলারার তাণ্ডবে আগে ব্যাট করে ৯৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে সপ্তম ওভার পর্যন্ত ক্রিজে থেকে ৮ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৫১ রানের ইনিংস সাজান দিলারা। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার প্রথম ফিফটি। আর এই ইনিংসেই তিনি গড়লেন দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড।
এতদিন রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক রোমানা আহমেদের। ২০১৯ সালের পাকিস্তান সফরে ২৮ বলে ফিফটি করেছিলেন স্পিনিং এই অলরাউন্ডার। এছাড়া ৩০ বলে ফিফটির নজির ছিল অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিঙ্কির। সব মিলিয়ে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড ফাতিমা সানা।
চলতি বছরই গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করেছিলেন পাকিস্তান অধিনায়ক। রান তাড়ায় উড়ন্ত সূচনা পায় নেদারল্যান্ডসও। ৪.৪ ওভারে ৫২ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। হিথার সিজার্সকে ফেরানো ওই ওভারের শেষ বলে আরেক ওপেনার বাবেত্তি দে লিডিকেও ড্রেসিংরুমের পথ দেখান ফারিহা তৃষ্ণা। শেষ দুই ওভারে জয়ের জন্য নেদারল্যান্ডসের লক্ষ্য দাড়ায় ৩৯। ৭ম ওভারে ২১ রান নেওয়ার পর শেষ ওভারে সমীকরণ নেমে আসে ১৮ রানে। তবে রিতু মণির ওই ওভারে তিন উইকেট হারিয়ে ৪ রানের বেশি নিতে পারেনি তারা।
ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর পরের দুটিতে জয় নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ। আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্বকাপ অভিযান। এর আগে নিউজিল্যান্ড (৬ জুন) ও আয়ারল্যান্ডের (৯ জুন) বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
