ফুটবলের আরেক বিস্ময় লামিন ইয়ামাল

ফুটবলের আরেক বিস্ময় লামিন ইয়ামাল

ফন্ট সাইজ:

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ববাসীর নজর কেড়েছেন স্পেনের অসাধারণ ফুটবল প্রতিভা লামিন ইয়ামাল। লিওনেল মেসির পর তিনিই সবচেয়ে বেশি আলোচনায়। তিনি এতটাই সপ্রভ যে তার প্রশংসা স্বয়ং লিওনেল মেসি পর্যন্ত করেছেন। আবার কেউ কেউ তো তাকে ‘বয় কিং’ বলেও অভিহিত করেছে। তার বিষয়ে লিওনেল মেসিরও কোনো সন্দেহ নেই।

এক বিশ্বকাপ বিজ্ঞাপন উদ্বোধনী অনুষ্ঠানে নতুন প্রজন্মের এই সেরা খেলোয়াড় সম্পর্কে প্রশ্ন করা হলে মেসি বলেন- এটা হবে লামিন। কোনো সন্দেহ নেই। আমার মতে, (এই প্রজন্মে) সে-ই সেরা। তারই একই সপ্তাহে টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস যখন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে জিজ্ঞেস করে, স্পেন কি বিশ্বকাপ জিতবে? তিনি হাসিমুখে বলেন- হ্যাঁ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

১৮ বছর বয়সী এই স্প্যানিশ উইংগারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য শুধু তার অসাধারণ প্রতিভা নয়, বরং সেই প্রতিভা বহন করার পরিণত আত্মবিশ্বাস ও শান্ত স্বভাব। তিনি ইতিমধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। বার্সেলোনার ১০ নম্বর জার্সি পেয়েছেন। একসময় মেসি দীর্ঘদিন পরেছিলেন এই জার্সি। তবুও তাকে আলাদা করে যে বিষয়টি নজর কাড়ে, তা হলো চাপের মধ্যেও তার অদ্ভুত প্রশান্তি।

লিওনেল মেসির সঙ্গে তুলনা লামিন ইয়ামালের পিছু ছাড়ে না। দু’জনই বাঁ পায়ের খেলোয়াড়। ইয়ামালের ড্রিবলিং অনেক সময় মেসির মতোই সহজ ও বুদ্ধিদীপ্ত মনে হয়। তবে পরিসংখ্যান বলছে, মেসি একই বয়সের যত ম্যাচ খেলেছেন ইয়ামাল তার চেয়েও বেশি ম্যাচ খেলেছেন। ১৮ বছর বয়সে তিনি বার্সেলোনার হয়ে ইতিমধ্যেই ১৫১টি ম্যাচ খেলেছেন। যেখানে মেসি ১৯ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত খেলেছিলেন মাত্র ৪১টি ম্যাচ।

ফুটবলের অন্যতম কিংবদন্তি রোনালদিনহো বলেন, মেসির পর এবার ইয়ামালের সময় এসেছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দ আরও এক ধাপ এগিয়ে বলেন, ১৭ বছর বয়সে তার পারফরম্যান্স অনুযায়ী ইয়ামালের সম্ভাবনা মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকেও বেশি হতে পারে। স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ইয়ামাল ঈশ্বরপ্রদত্ত প্রতিভা। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক তাকে জিনিয়াস হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন বড় ম্যাচে তার পরিপক্বতা অবিশ্বাস্য।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইয়ামাল নিজে মেসি হওয়ার চেষ্টা করছেন না। তিনি বলেন, মেসি ইতিহাসের সেরা। কিন্তু আমি মেসি হতে চাই না। আমি নিজের পথ তৈরি করতে চাই। একইভাবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনাও এড়িয়ে যান।

ইয়ামাল বলেন, চাপ বলে কিছু নেই। এটা একটা অজুহাত। আমি শুধু খেলাটা উপভোগ করি। তিনি নিজেকে এমন একজন খেলোয়াড় হিসেবে দেখতে চান, যাকে দেখে শিশুরা অনুপ্রাণিত হবে।

শুরুর দিকে তিনি উইঙ্গার হলেও এখন তার খেলার ধরন বদলাচ্ছে। তিনি ধীরে ধীরে মাঝমাঠের দিকে সরে আসছেন, যেখানে তার পাসিং ও ভিশন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে তিনি ‘ফলস নাইন’ বা কেন্দ্রীয় প্লেমেকার হিসেবেও খেলতে পারেন, যেমনটা একসময় মেসি করেছিলেন। এবার বিশ্বকাপে স্পেন অন্যতম ফেবারিট হিসেবে যাচ্ছে এবং দলটি গড়ে উঠছে মূলত ইয়ামালকে কেন্দ্র করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন