চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৮ থেকে ৯ জুন উত্তর কোরিয়া সফর করবেন। প্রায় সাত বছর পর এটি তার প্রথম পিয়ংইয়ং সফর, যা বেইজিং ও উত্তর কোরিয়ার সম্পর্ক পুনরায় জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে রয়টার্স।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, এই সফরের আমন্ত্রণ এসেছে দেশটির নেতা কিম জং উন-এর পক্ষ থেকে। গত মাসেই শি জিনপিং বেইজিংয়ে পৃথকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেই ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার পর এবার তার উত্তর কোরিয়া সফর আন্তর্জাতিক মনোযোগ কাড়ছে।
বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে চীন আবারও উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগী হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করতে চাইছে। এশিয়া সোসাইটির সিনিয়র ফেলো জন ডেলুরি বলেন, চীনের এই বার্তা হলো- উত্তর কোরিয়া ইস্যুতে বেইজিং এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শক্তি। তিনি আরও বলেন, এই সফরের একটি লক্ষ্য হলো রাশিয়ার প্রতি বার্তা দেয়া। কারণ সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া মস্কোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। কোভিড-১৯ মহামারির সময় সীমিত হয়ে পড়া চীন-উত্তর কোরিয়া যোগাযোগ আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মার্চে দুই দেশের মধ্যে বেইজিং-পিয়ংইয়ং ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়। পরে আকাশপথে ফ্লাইটও শুরু হয়। তবে বর্তমানে এসব যাতায়াত মূলত ব্যবসায়ী ও শিক্ষার্থী পর্যায়ে সীমিত, পর্যটকদের জন্য এখনো পুরোপুরি উন্মুক্ত করা হয়নি।
শি জিনপিংয়ের এই বছরে প্রথম বিদেশ সফর
এই সফর হবে চলতি বছরে শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর। বয়স ৭২ বছর হওয়ায় তার বিদেশ সফরের সংখ্যা আগের তুলনায় কমে গেছে। বিশ্লেষকদের মতে, চীন দুই কোরিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে চায়। শি জিনপিং অতীতে উত্তর কোরিয়া একবার এবং দক্ষিণ কোরিয়া দু’বার সফর করেছেন। গত বছর কিম জং উন বেইজিং সফরে গিয়ে সামরিক কুচকাওয়াজে অংশ নেন। মেখানে তিনি তার বিখ্যাত সাঁজোয়া সবুজ ট্রেনে চড়ে যান।
এদিকে উত্তর কোরিয়া সম্প্রতি একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের কথা জানিয়েছে। সেখানে কিম জং উন তার পারমাণবিক অস্ত্র সক্ষমতা বহুগুণ বাড়ানোর নির্দেশ দেন। বিশ্লেষকদের মতে, এই সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমের ঘোষণা শি জিনপিংয়ের সফরের আগে একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখা যেতে পারে।
