শার্শায় নামাজ শেষে ফেরার পথে চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

ফন্ট সাইজ:

যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয়ভাবে চিকিৎসাসেবা প্রদান করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান-হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে আরেকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম (৬২) নামে একজন নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, জিরোনগাছা-কাশিয়াডাঙ্গা সড়কের পাশে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের জব্বার (৪৫) তাকে হামলা করে। স্থানীয়রা তার চিৎকার শুনে উদ্ধার করে প্রথমে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন