ইফতার-সেহ্‌রি ও তারাবিকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে: অমিত

ইফতার-সেহ্‌রি ও তারাবিকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে: অমিত

ফন্ট সাইজ:

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ইফতার, সেহ্‌রি ও তারাবিকে গুরুত্ব দিয়ে এই তিন সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে চলতি সেচ মওসুমে কৃষকের ক্ষেতে সেচ সরবরাহ নিশ্চিত করতে হবে। সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। কোনোক্রমেই এই তিন সময়ে স্যাবোটাজ সহ্য করা হবে না। গতকাল বিকালে যশোর সার্কিট হাউজে খুলনা বিভাগের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এই নির্দেশনা দেন। সভায় ওজোপাডিকো খুলনার ব্যবস্থাপনা পরিচালক শেখ মনিরুজ্জামান, আরইবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাঈদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ বিদ্যুতের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাদের প্রত্যাশার দিকে খেয়াল রেখে কাজ করতে হবে। বিদ্যুৎ মানুষের মৌলিক চাহিদার পর্যায়ে পৌঁছে গেছে। বিদ্যুৎহীন জীবন কল্পনা করা যায় না। তবে দিনে দিনে এই বিদ্যুতের সরবরাহ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করতে হবে। সরবরাহ ও সঞ্চালন লাইন ঠিক রাখতে হবে। এ সময় অনিয়ন্ত্রিত মিটার ভাড়া সম্পর্কেও প্রতিমন্ত্রী কর্তৃপক্ষের কাছে জানতে চান এবং এই বিষয়ে পরামর্শ দেন। এর আগে গতকাল সকালে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে যোগ দিয়ে বিমানযোগে যশোরে পৌঁছালে যশোরবাসীর শুভেচ্ছা ও ভালো বাসায় সিক্ত হন অমিত। মন্ত্রিসভার সদস্য হয়ে শুক্রবার তিনি সকালে দুইদিনের সফরে নিজ জেলা যশোরে আসেন। এছাড়া যশোর বিমানবন্দরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অমিত নির্বাচনের আগে যশোরবাসীর উদ্দেশ্য দেয়া তার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার বাস্তবায়নের পুনর্ব্যক্ত করেন। এরপর জেলা বিএনপি’র সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের পক্ষ থেকে অনিন্দ্য ইসলাম অমিতকে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে অনিন্দ্য ইসলাম অমিত রাষ্ট্রীয় প্রটোকলে যশোর সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অমিতকে সমগ্র যশোরবাসী হৃদয় নিংড়ানো ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। যশোর স্থানীয় সরকার বিভাগ, যশোর সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক যশোর জেলা শাখা, জেলার সর্বস্তরের খেলোয়াড় সংগঠকবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোরসহ অনেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনিন্দ্য ইসলাম অমিত কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন