১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: এ্যানী

১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: এ্যানী

ফন্ট সাইজ:

আগামী ১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করবে সরকার উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন- খাল খননের তারিখ ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে কেবিনেট মিটিং করেছেন, সেখানে মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রমজানে দ্রব্যমূল্যের জিনিসপত্র নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করতে হবে। সে অনুযায়ী কাজ করছি। শুক্রবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, যেসব স্থানে নদীভাঙন অব্যাহত রয়েছে। সেসব স্থানে পর্যায়ক্রমে ভাঙন প্রতিরোধে কাজ করা হবে। বিশেষ করে লক্ষ্মীপুরের ভুলুয়া নদী ও রহমতখালী খাল খনন কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ভোটের আগে জনগণকে এলাকার রাস্তাঘাট উন্নয়নে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এর আগে সকালে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী সার্কিট হাউজে পৌঁছলে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেক মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এ্যানী। এ সময় উপস্থিত ছিলেন. স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মেজবা উল আলম ভূঁইয়া, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান ও বিএনপি নেতা ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আহমদ ফেরদৌস মানিক।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন