সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শিক্ষার্থীদের ৮০ অভিভাবকের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পত্রটি তদন্ত করার জন্য সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে, সহকারী শিক্ষক আলম শিক্ষক আন্দোলনের সময় প্রধান শিক্ষকের বিনা অনুমতিতে বিদ্যালয়ে মাইকিং করে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করে দেন। ক্লাস পার্টির নামে তিনি শিক্ষার্থীদের নিকট থেকে ৮৮ হাজার ৭০০ টাকা চাঁদা গ্রহণ করেন। ৫ম শ্রেণির বিদায় অনুষ্ঠানের নামে শিক্ষার্থীদের নিকট থেকে ৯০ হাজার টাকা এবং প্রতি শিক্ষকের নিকট থেকে ১ হাজার টাকা করে উত্তোলন করে প্রায় লক্ষাধিক টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে। এছাড়া মাইকিং করে বার্ষিক পরীক্ষা বন্ধ করার সময় প্রধান শিক্ষক বাধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিনা খাতুনের অসুস্থতাজনিত কারণে (তিনি) শাহ আলম শ্রীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেপুটেশনে এই বিদ্যালয়ে যোগদান করেন। পরে শিক্ষক হাসিনা বিদ্যালয়ে যোগদান করলেও তিনি তার নিজ বাহুবলে এই বিদ্যালয়ে চাকরি থাকা পর্যন্ত থাকবেন বলে সবাইকে গলা বাজিয়ে বলে বেড়াচ্ছেন। এখান থেকে সরানো কারও বাপের সাধ্য নেই বলেও তিনি হুমকি দিয়ে চলেছেন। এছাড়াও দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ, শিক্ষক গ্রুপিং ও চাঁদাবাজির নানা অভিযোগ রয়েছে তার নামে। কর্তৃপক্ষের নিকট এই বদমেজাজি শিক্ষকের দ্রুত বিচার প্রার্থনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। এ ব্যাপারে অভিভাবক কেয়া, ছালমা ও সুরাইয়া পারভীন জানান, মাইকিং করে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা বন্ধ করেছিলেন শাহ আলম স্যার। এছাড়াও ক্লাস পার্টির নামে একশ’ টাকা ও বিদায় অনুষ্ঠানে ৩০০ টাকা করে চাঁদা নিয়েছেন তিনি। অভিযুক্ত শিক্ষক জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। এটা মিথ্যা ও ভিত্তিহীন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া শাখার সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা বলেন, তার বিরুদ্ধে অসদাচরণ ও অনিয়মের নানাবিধ অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উল্লাপাড়ার প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন জানান, জেলা প্রশাসকের কাছে করা অভিযোগপত্রটি তদন্তের জন্য পেয়েছি। বিষয়টি খুব শিগগিরই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
