মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার বেলা ১১টায় ধর্মমন্ত্রীর নিজ সংসদীয় আসন কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদককে নির্মূল করতে হবে। মুরাদনগর থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী কায়কোবাদ। তিনি বলেন, দলীয় পরিচয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন আইন অনুযায়ী চলবে। সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজিকে কঠোর হস্তে দমন করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রীর গাড়িবহর মুরাদনগর উপজেলা পরিষদে প্রবেশ করলে তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী ও জনসাধারণের ঢল নামে।
সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে কঠোর নির্দেশনা ধর্মমন্ত্রীর
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
