পাবনায় জামায়াত নেতাকে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি

পাবনায় জামায়াত নেতাকে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি

ফন্ট সাইজ:

পাবনার হেমায়েতপুরে জামায়াতে ইসলামীর এক নেতাকে মারধরের ঘটনায় এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে দুই দলই। জামায়াতে ইসলামী দাবি করেছে, পরিকল্পিতভাবে তাদের ওই নেতাকে হত্যার উদ্দেশ্যেই হামলার ঘটনা ঘটানো হয়েছে এবং এর পেছনে বিএনপি’র সংশ্লিষ্টতা রয়েছে। অপরদিকে বিএনপি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় স্বার্থসংশ্লিষ্ট বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। গতকাল সকালে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের শহীদ চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহার করে নেন। এদিকে দুপুরে একই ঘটনার সঙ্গে বিএনপি’র নাম জড়ানোর প্রতিবাদে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির নেতারা দাবি করেন, এই ঘটনার সঙ্গে বিএনপি’র কোনো সম্পর্ক নেই। তারা অভিযোগ করেন, জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করছে। বিএনপি’র নেতারা আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে তাদের প্রার্থীর ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তারা মনে করেন, নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরেই একটি পক্ষ নির্বাচন বানচাল ও এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। উল্লেখ্য, গত শনিবার রাতে পাবনা-৫ সংসদীয় আসনের অন্তর্গত হেমায়েতপুর উপজেলার চর শিবরামপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে মারধর করে আহত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রাথমিকভাবে বিএনপি’র কিছু নেতাকর্মীর নাম উঠে এলেও বিষয়টি নিয়ে তদন্ত ও যাচাই চলছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন