বিজ্ঞান ও শিল্প গবেষণায় উদ্ভাবিত পরিশ্রমের ফসল জনগণের হাতে তুলে দিতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিসিএসআইআর-এর গবেষণালব্ধ পণ্য ও কাজগুলোকে স্থানীয় তরুণ ব্যবসায়ীদের এনে দেখাতে হবে। গতকাল ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও বলেন, বিসিএসআইআর’র গবেষণায় উদ্ভাবিত রিসোর্স মার্কেটাইজ করতে হবে, বাজারজাত করতে হবে। তিনি আরও বলেন, আপনাদেরকে উৎসাহিত করার জন্য এখানে আমি ঘন ঘন আসবো। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। মন্ত্রী সকলকে লক্ষ্য স্থির করে কাজ করার আহ্বান জানান। তিনি আজকের কাজ আজকের মধ্যেই সম্পন্ন করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দেন।
মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র কার্যক্রম ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়সমূহ এবং এর আওতাধীন ইউনিটগুলোর কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্টে বিস্তারিত উপস্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। এ ছাড়া, মতবিনিময় সভায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র সদস্যবৃন্দ, আওতাধীন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’র ফ্লোরে সংস্থাটির ১২টি ইউনিট কর্তৃক উদ্ভাবিত পণ্যসমূহের নমুনা পরিদর্শন করেন এবং বিসিএসআইআর’র ভ্রাম্যমাণ ভ্যান পরিদর্শন করেন। পরে মন্ত্রী বিসিএসআইআর’র বিজ্ঞানীগণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময়ে তিনি বিসিএসআইআর’র বিজ্ঞানীদের পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া আইন ও বিধি মোতাবেক সমাধানের আশ্বাস প্রদান করেন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মামুন।
