সিদ্ধিরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। অভিযুক্তের নাম ফারুক মোল্লা (৫০)। সে পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দ পাড়া এলাকায় ফোরকান আহমেদের বাড়ির ভাড়াটিয়া। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকায়।
ভুক্তভোগী ওই শিশুটি জানায়, সোমবার রাতে সে তার এক আত্মীয়ের পার্শ্ববর্তী বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় অভিযুক্ত ফারুক তাকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোর করে তার ঘরে নিয়ে যায়। এসময় আম না এনে ফারুক মোল্লা ঘরের দরজা আটকে দিলে সে চিৎকার করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং ঘটনা শুনে অভিযুক্ত ফারুককে গণপিটুনি দেয়। এদিকে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ।
অপরদিকে গণপিটুনিতে আহত ফারুককে রাতে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে রাতেই পুলিশ তার ভাই মিলনের হেফাজত থেকে ফারুককে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া উপ-পরিদর্শক জাকিরুল জানান, ধর্ষণচেষ্টার একটি অভিযোগে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ফারুক নামে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
