জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এদেশে দুর্নীতিবাজদের আর ঠাঁই হবে না। দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভালো। ভোটে ১১ দলীয় জোটের প্রার্থীদের জয়ী করে দুর্নীতিবাজদের বিতাড়িত করতে হবে। দীর্ঘ ১৭ বছর যাদের কোনো লড়াই সংগ্রামে দেখা যায়নি, যারা দেশের বাইরে ছিল। আমরা তাদের হাতে বাংলাদেশকে তুলে দেবো না। রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় এ কথা বলেন হাসনাত। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী ও এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। হাসনাত আবদুল্লাহ বলেন, ১১ দলীয় জোটকে বিজয়ী করতে প্রত্যেক পাড়া মহল্লার বাড়ি বাড়ি যেতে হবে। সময় এসেছে ঘরে ঘরে শাপলা কলি ও দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছে দেয়ার। ভোটারদের উদ্দেশ্য করে হাসনাত বলেন, আগামী ১০০ বছর বাংলাদেশে প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া মানুষের সন্তানরা মেধাতে চাকরি পাবে কিনা সেটা নির্ভর করবে আগামী ১২ই ফেব্রুয়ারির ভোট। হাসনাত আরও বলেন, আমরা আগে যাদের নেতা বানাতাম, আমাদের রক্তের ওপর দিয়ে যারা নেতা হতো, তারা এসি বাসে ঘুরে বেড়াতো, আর টাকা লুট করে বিদেশে তাদের সন্তানদের নিরাপদ ভাগ্য নিশ্চিত করেছে। আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অথচ তারা লন্ডন ও আমেরিকায় ঘুরে বেড়িয়েছে। এখন সুযোগ এসেছে, ভোটের মাধ্যমে সেটার জবাব দেয়া। প্রশাসনের লোকজনকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছেন। দিনের ভোট রাতে করেছেন, মরা মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দিয়েছেন, আমি-ডামি নির্বাচন পরিচালনা করেছেন। এসপি-ডিসিরা সাক্ষী থেকে, ওসি-কনস্টেবলরা সাক্ষী থেকে এসব জনগণবিরোধী কার্যক্রম আপনারা করেছেন। এসব কাজ ওপর মহলের আদেশে করা হয়েছিল বলেই আমরা বিশ্বাস করতে চাই। আপনাদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা দূর করে আস্থা ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন। জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।
১২ই ফেব্রুয়ারি দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: হাসনাত আবদুল্লাহ
সিরাজগঞ্জ প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
