ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তাদের ভয় দেখিয়ে সঙ্গে থাকা লাগেজসহ মূল্যবান জিনিস নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় শনিবার দিবাগত রাত তিনটার দিকে। এ ঘটনায় ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাকে আটকের চেষ্টা চলছে।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন। তার পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায়। তারা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেয়।
মোহাম্মদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব বলেন, ভুক্তভোগীদের তথ্য অনুসারে, তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে তারা ছিনতাইয়ের শিকার হন। এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা আমরা চালাচ্ছি।
