চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার এক মাস চারদিন পর মামলার অন্যতম আসামি মো. ফারুক (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে রাউজান থানাধীন পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ফারুক উপজেলার পূর্ব গহিরা হাড়িয়া পাড়ার আজিজুল হকের ছেলে।
সে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩ নম্বর আসামি। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, রায়পুর ইউনিয়নে চাঞ্চল্যকর শিশু শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য আসামিরা এই চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় জড়িত মর্মে স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭শে এপ্রিল উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হাড়িয়া পাড়ায় রাত ১০টার দিকে খালার বাড়ি থেকে পাশের খালাতো বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির এক কিশোরীকে প্রথমে আবু তাহেরের দোকানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনা জানতে পেরে দোকান থেকে কিশোরীকে পাশের বিল এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে দ্বিতীয় দফায় সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরদিন সকালে কিশোরী বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিলেও বিভিন্ন মহলের বাধার সম্মুখীন হন। পরে ১লা মে দিবাগত রাতে থানায় মামলা দায়ের করা হয়।
