ময়মনসিংহের তারাকান্দায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সকালে শিক্ষার্থীর মা বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পর দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রাহাত জেলার ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের আবুল হাশিমের ছেলে। সে তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকার রওজাতুল আতফাল নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের আগে সব শিক্ষার্থীকে ছুটি দিয়ে মাদ্রাসা বন্ধ করে দেয়। তবে ওই শিক্ষার্থীকে বাড়িতে যেতে দেয়নি রাহাত। পরে ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় রেখে বলাৎকার করে। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে রোববার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। এদিকে, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিযান চালিয়ে রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। তারাকান্দা থানার উপ-পরিদর্শক সজীব কুমার দাস জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
