ঈদের ছুটি শেষে শায়েস্তাগঞ্জ স্টেশনে ঢাকামুখী মানুষের ঢল

ঈদের ছুটি শেষে শায়েস্তাগঞ্জ স্টেশনে ঢাকামুখী মানুষের ঢল

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে। সোমবার সকাল থেকে স্টেশনের প্রতিটি প্ল্যাটফরম, টিকিট কাউন্টার ও অপেক্ষমাণ কক্ষে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ট্রেনে আসন সংকট, অতিরিক্ত যাত্রী এবং দীর্ঘ সময় অপেক্ষার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

ঈদের ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অধিকাংশ কর্মস্থল খুলে যাওয়ায় ঢাকামুখী মানুষের চাপ কয়েকগুণ বেড়ে যায়। সকাল থেকেই শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে হাজারো মানুষকে ট্রেনের অপেক্ষায় অবস্থান করতে দেখা যায়। নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীরা স্টেশনে এসে জড়ো হলেও কাঙ্ক্ষিত ট্রেনে উঠতে হিমশিম খেতে হয়েছে অনেককে। স্টেশন ঘুরে দেখা যায়, প্ল্যাটফরম জুড়ে যাত্রীদের দীর্ঘ সারি। ট্রেন স্টেশনে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শুরু হয় ওঠা-নামার হুড়োহুড়ি। অনেক যাত্রীকে দাঁড়িয়ে কিংবা দরজার সামনে ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করতে দেখা গেছে।

ঢাকাগামী এক যাত্রী বলেন, সকালে পরিবার নিয়ে স্টেশনে এসেছি। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে ট্রেনে ওঠাই কঠিন হয়ে পড়েছে। আরেক যাত্রী জানান, টিকিট সংগ্রহ করতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরপর ট্রেন আসার পরও অতিরিক্ত ভিড়ের কারণে স্বাভাবিকভাবে ওঠা সম্ভব হয়নি। শুধু রেলপথ নয়, শায়েস্তাগঞ্জ বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শেষে অধিকাংশ মানুষ একই সময়ে কর্মস্থলে ফিরতে চাওয়ায় পরিবহন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকাগামী ট্রেন ও বাসে যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এদিকে স্টেশনে পর্যাপ্ত শৃঙ্খলা বজায় রাখতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের তৎপরতা দেখা গেলেও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে তাদেরও বেগ পেতে হয়েছে।

পরিবহন খাতের সংশ্লিষ্টরা ধারণা করছেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এবং সন্ধ্যার পর ঢাকামুখী যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। কারণ অনেকেই ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে শেষ মুহূর্তে যাত্রা শুরু করছেন। ফলে আগামী কয়েকদিন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের চাপ অব্যাহত থাকতে পারে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, এবারের ঈদে ট্রেন চলাচলে কোনো ধরনের বড় শিডিউল বিপর্যয় বা দুর্ঘটনা ঘটেনি। গত ২৩ তারিখ থেকে শুরু হওয়া ঈদের বিশেষ ট্রেন চলাচলের এ কর্মসূচি আগামী ৩ তারিখে শেষ হতে যাচ্ছে। যাত্রীদের চাপ সামলাতে বিশেষ কিছু পদক্ষেপ নেয়ার কারণে এবারের ঈদযাত্রা বেশ সফল ও নিরাপদ হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন