রংপুর-১ আসন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত ও বিএনপি’র প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। কমিটির চেয়ারম্যান ও রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সামিউল আলম স্বাক্ষরিত এ শোকজ নোটিশ দেন। পৃথক নোটিশে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজীর বিরুদ্ধে নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে গাছের সঙ্গে ফেস্টুন টাঙানোর অভিযোগ উঠেছে। বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার পরিপন্থি। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মোকাররম হোসেন সুজনের বিরুদ্ধে রংপুর মেট্রো পুলিশ লাইনের পাশে লিফলেট/হ্যান্ডবিল পোস্টার আকারে সাঁটানোর অভিযোগ আনা হয়েছে। দুই প্রার্থীকে আজ (সোমবার) রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। রায়হান সিরাজীকে সকাল ১১টায় এবং মোকাররম হোসেন সুজনকে সকাল সাড়ে ১১টায় উপস্থিত থাকতে বলা হয়েছে। অভিযোগের বিষয়ে রায়হান বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো অভিযোগের জবাব আইনের মাধ্যমে দেবো। এই বিষয়ে সুজন জানান, বিধি অনুযায়ী জবাব দেয়া হবে। এদিকে, নোটিশ দ্রুত জারি ও কার্যকর করার জন্য গঙ্গাচড়া থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। গঙ্গাচড়া থানার ওসি ছবুর আলী বলেন, কমিটির নির্দেশনা পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে নোটিশ পৌঁছে দেয়া হবে।
রংপুর-১ আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীকে শোকজ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
