ঈদের ছুটিতে দেশ জুড়ে গত ৬ দিনে হাম ও উপসর্গে ৪০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত ৫৮৫ শিশুর প্রাণহানি হয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭৭ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩২৪ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫৩ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৮৪১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪৯৫ জনের। এ ছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।
