বাউফলে বিএনপি’র প্রার্থীকে সমর্থন জানালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

ফন্ট সাইজ:

পটুয়াখালীর বাউফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শহিদুল আলম তালুকদারকে সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান। রোববার দুপুর ১২টায় পৌরসদরের হাচন দালাল মার্কেট সড়কে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি এ সমর্থন জানান। এ সময় ট্রাক প্রতীকের প্রার্থী বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের কোনো প্রার্থী না দিয়ে পটুয়াখালী-৩ সংসদীয় আসনে ভিপি নূরুল হক নূরকে সমর্থন দিয়েছেন। বরিশালে বিএনপি’র বিভাগীয় নির্বাচনী সমাবেশে জনসম্মুখে তারেক রহমান আমাদের দলের প্রতি বন্ধুত্বের এবং আন্তরিকতার পরিচয় দিয়েছেন। একটা দলের প্রধান হয়েও আমাদের ট্রাক মার্কায় ভোট চেয়েছেন। সেই কৃতজ্ঞতা ও ভালোবাসার স্বরূপ আমরা পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল আলম তালুকদারকে সমর্থন জ্ঞাপন করেছি। গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী হাবিবুর রহমানের সমর্থন পেয়ে বিএনপি প্রার্থী বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে গণঅধিকার পরিষদ ও বিএনপি একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে। এ কারণে বিএনপি গণঅধিকার পরিষদকে সমর্থন দিয়েছে। তারাও আবার আমাদের সমর্থন দিয়েছেন। আগামী দিনেও আমরা বাউফলের উন্নয়নে একসঙ্গে কাজ করবো।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন