নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মৃধা

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) নির্বাচনী এলাকার জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে মিথ্যা মামলার আসামি, মহল বিশেষের চাপ ও হুমকিতে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে নানা প্রতিবন্ধকতার কারণে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন মৃধা। এক লিখিত বক্তব্যে তিনি সরে দাঁড়ানোর বিষয় ও কারণ নিশ্চিত করেছেন। লিখিত বক্তব্যে মৃধা বলেন, আপনারা অবগত হয়েছেন যে, গত ৫ই আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ও প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাকে তিনটি মামলায় আসামি করে নিজ এলাকা থেকে বিতাড়িত করা হয়। যদিও ওই সকল মামলার ঘটনার সঙ্গে আমার কোনো প্রকার সম্পৃক্ততা ছিল না। এমনকি মামলায় উল্লিখিত সময়ে আমি সংসদ সদস্য পদেও অধিষ্ঠিত ছিলাম না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আমার দল জাতীয় পার্টি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে, আমার আইনি বাধ্যবাধকতার কারণে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করা সম্ভব হয়নি। আমার পক্ষে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন। আমার প্রার্থিতা বৈধ ঘোষণার পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে আমাকে ও আমার নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন মহল থেকে ভয়-ভীতি ও গ্রেপ্তারের হুমকি প্রদর্শন শুরু করে যা অদ্যাবধি চলমান। ফলে আমি অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতো সম্পূর্ণ স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছি না। এমন প্রতিকূল পরিবেশে আমি আমার দলের সকল নেতাকর্মীর সিদ্ধান্তক্রমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমার আবেগপ্রবণ ভোটার, সাংবাদিক, শুভাকাক্সক্ষী, আত্মীয়স্বজন ও নেতাকর্মীদের আমার পাশে থাকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অনাকাক্সিক্ষত সিদ্ধান্তের জন্যে ক্ষমা প্রার্থনা করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন