চাকরিচ্যুত উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণার অভিযোগ গ্রেপ্তার ২

চাকরিচ্যুত উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণার অভিযোগ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‌্যাব-১০ এর প্রধান কার্যালয়ে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে তথ্য-প্রযুক্তির মাধ্যমে গত ২৪শে মে রাতে নরসিংদী সদর থেকে প্রতারক তারেক সরকার (৪০)কে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে পরবর্তীতে তার সহযোগী মো. পলাশ কবির (৪২)কে গ্রেপ্তার করা হয়। প্রেসব্রিফিংয়ে তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তারেক একজন চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য।

২০০৬ সালে তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। পরবর্তীতে তিনি তথ্য গোপন করে কারা অধিদপ্তরে চাকরি নেন। প্রায় ১৪ বছর তিনি কারা অধিদপ্তরে চাকরি করার সুবাদে বিভিন্ন অপরাধীদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। পরে নানা অপরাধ ও প্রতারণামূলক কাজে জড়িয়ে পড়েন। এই প্রতারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন উৎস থেকে ভুয়া মোবাইল সিম এবং অনলাইনে বিভিন্ন উৎস থেকে তথাকথিত ডিভাইস সিম সংগ্রহ করে বিভিন্ন সরকারি ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ও নাম-পদবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতেন।

এই একাউন্ট এর মাধ্যমে তিনি বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন মানুষকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। এসব ঘটনায় বিভিন্ন মহল থেকে র‌্যাব’র নিকট অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে র‌্যাব সদস্যরা। এরই ধারাবাহিকতায় প্রতারক তারেককে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিতে পলাশকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস, উচ্চপদস্থ বিভিন্ন সরকারি কর্মকর্তার ছবি ও একাধিক সিম উদ্ধার করা হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন