‘আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না’

ফন্ট সাইজ:

ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, আমার ছবি ব্যবহার করে কেউ ব্যানার-ফেস্টুন বানাবেন না। রাস্তাঘাটে যা আছে সব নামিয়ে ফেলুন। যারা আমার ছবি ব্যবহার করে বড় বড় ব্যানার-ফেস্টুন বানান, বুঝতে হবে তাদের স্বার্থ আছে। সব আজই নামাবেন, অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। গতকাল দোহার উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ নবাবগঞ্জের বিভিন্ন মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নবনির্বাচিত এমপি আরও বলেন, অনেকে আমাকে জননেতাসহ নানা উপাধি দেন। এসব তেল দেয়া বন্ধ করুন। আমি তেলবাজি পছন্দ করি না। আমি জনগণের সেবক। জনগণ ৫ বছরের জন্য আমাকে তাদের সেবক হিসেবে দায়িত্ব দিয়েছে। ৫ বছর ভালো করতে পারলে আগামীতে আবার দায়িত্ব দিবে। ব্যর্থ হলে বর্জন করবে। অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের হুঁশিয়ার দিয়ে আশফাক বলেন, সকল অবৈধ ব্যবসা বন্ধ। বালু ও মাটির ব্যবসা করতে হলে লিগ্যাল ওয়ে করতে হবে। প্রশাসনের অনুমতি ছাড়া যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে। জনগণের সমস্যা করে কোনো ব্যবসা করতে দেয়া হবে না। এ সময় তিনি দোহার-নবাবগঞ্জের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, অন্যায় করলে কাউকে ছাড় দিবেন না। ন্যায় ও সত্যটা লিখতে হবে। আমি অন্যায় করলেও আমার বিরুদ্ধে লিখবেন। দোহারে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ এবং নবাবগঞ্জ নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন