টেকনাফে বিপুল পরিমাণ জাল টাকাসহ আটক ২

টেকনাফে বিপুল পরিমাণ জাল টাকাসহ আটক ২

ফন্ট সাইজ:

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কোরবানির হাটকে লক্ষ্য করে বিপুল পরিমাণ জাল টাকার নোট তৈরি ও সরবরাহের একটি বড় চক্রের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার টেকনাফ ব্যাটালিয়নের (২-বিজিবি) অধীনস্থ লেদা বিওপি’র জাদিমুরা বাজার এলাকায় অভিযানে জাল টাকা তৈরির কারখানা থেকে দুইজনকে আটক করা হয়েছে।

এ সময় জব্দ করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট এবং নোট প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণের বিপুল সরঞ্জাম। বিজিবি সূত্র জানায়, গত এক সপ্তাহ আগে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন জানতে পারে যে, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের কোনো একটি স্থানে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে বিপুল পরিমাণ জাল টাকা প্রস্তুত করা হচ্ছে। এই তথ্যের ওপর ভিত্তি করে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে চক্রটিকে শনাক্ত করে। পরিকল্পনা অনুযায়ী, রোববার সকাল ৯টার দিকে বিজিবি’র একটি বিশেষ গোয়েন্দা দল জাদিমুরা বাজার ও মুচনী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কৌশলগত অবস্থান নেয়। দুপুর আনুমানিক ২টার দিকে দুইজন সন্দেহভাজনকে একটি অটোরিকশাযোগে এই কারখানায় আসতে দেখা যায়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে হ্নীলার দিকে রওনা দিলে মুচনী বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের মাধ্যমে জাল টাকা তৈরির কারখানা থেকে ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ কম্পিউটার, ২টি কালার প্রিন্টার, ৫১ লাখ ৩৪ হাজার ১ শ’ টাকার জাল নোট, জাল নোট তৈরির কাঁচামাল, জাল টাকা কাটার মেশিন এবং সরবরাহের কাজে ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতরা হলেন-জাদিমুরা ডি/৩ ব্লকের আজিজুর আহম্মদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার নোয়াগাঁও গ্রামের নাজমুল (২৭)। টেকনাফ ব্যাটালিয়নের (২-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন