আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে শিল্পীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। একইসঙ্গে চলচ্চিত্র অঙ্গনে দেহরক্ষী নিয়ে চলাফেরার প্রবণতা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাপ্পারাজ বলেন, শিল্পীর নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কখনোই তেমন কিছু ছিল না। বিগত কিছু সময়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে অতীতে নিজেদের শক্তিমত্তা জাহির করার জন্য হয়তো নিরাপত্তা বাহিনীকে আনা হয়েছিল। আমাদের শিল্পীদের কিন্তু নিরাপত্তার দরকার নেই। আমরা তো কোনোদিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা কোনো ছবি করেনি, পাঁচটি সিনেমাও করেনি, যাদের কোনো ক্রেজ নেই তারা দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে। আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না।
শিল্পীদের উদ্দেশ্যে বাপ্পারাজ বলেন, আমরা শিল্পীরা সবাই এক। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। সবাই একটি পরিবারের মতো। ইউনাইটেড থাকতে চাই। কিছুদিন আগেও আমরা বসেছিলাম। আমার প্যানেলের ও আমার বিপরীতে যারা ছিলেন তাদের বলেছি, কোনো বিভেদের মধ্যে আমরা যাবো না। শিল্পীদের নিয়ে পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, কী কী সমস্যা আছে, কী ঠিক করতে হবে না হবে, দেখে সিদ্ধান্ত নেয়া হবে। এ নিয়ে আগেই আমরা এটা করবো, সেটা করবো বলতে চাই না।
