চয়নিকা চৌধুরীরর পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচার হবে চাঁদ রাতের বিশেষ নাটক ‘পড়ন্ত বিকেল’। প্রচার হবে ২৭ মে রাত ১০.০০ টায়। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তুনু। অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, মিলি বাসারসহ অনেকেই। নাটকটি বৈশাখি টিভিতে প্রচারের পর প্রকাশ হবে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশনের ইউটিউব চ্যানেলে। নাটকে মাহতিম সাকিবের কন্ঠে রয়েছে ‘তোমার টানে’ শিরোনামের একটি গানও। জটিল এক প্রেমকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকের কাহিনী। নাটকের গল্প বলতে গিয়ে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, নিনিত ও তানফির পরিচয়টা ঝগড়ার মধ্য দিয়ে। নিনিত চাকরি সূত্রে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে। সেই বাড়িরই পাশের ফ্ল্যাটে থাকে তানফি।
গল্পের শুরুতে দেখি, এক ডেলিভারি ম্যান নিনিতের ফ্ল্যাটে একটা পার্সেল ডেলিভারি দিয়ে যায়। নিনিত পার্সেলের প্যাকেট খুলে দেখে, মেয়েদের টপস। সে তো এটা দেখে অবাক। এই টপস তাকে কে পাঠালো? এদিকে তানফি ডেলিভারি ম্যানকে ফোন করে বলে, আপনি কই ভাই? সেই কখন ফোন দিয়ে বললেন, পার্সেল নিয়ে আসবেন। ডেলিভারি ম্যান বলে, স্যারের কাছে দিয়ে আসছি আপা। তানফি রেগে বলে, কোন স্যার? ডেলিভারি ম্যান আবার আসে নিনিতের ফ্ল্যাটে। দেখা যায়, ডেলিভারি ম্যান ভুল করে তানফিকে না দিয়ে পাশের ফ্ল্যাটে পার্সেল দিয়েছে। তানফি তো তার পার্সেল খুলেছে দেখে নিনিতের ওপর মহা রাগ করে যা তা বলে বসে। নিনিত তানফিকে দেখে লাভ এট ফার্স্ট সাইট ভঙ্গিতে তাকিয়ে থাকে। কিছুই বলতে পারে না। এরপর কাহিনী মোড় নেয় অন্য দিকে।
