কুষ্টিয়া-৩ আসনে আমির হামজার পক্ষে নারী সমর্থকদের মিছিল

ফন্ট সাইজ:

কুষ্টিয়া সদর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার সমর্থনে শহর জুড়ে বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নারী সমর্থকদের অংশগ্রহণে এই মিছিল এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রোববার সকাল ১১টায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতের নারী কর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি সুসংগঠিত মিছিল বের হয়ে মজমপুর গেট প্রদক্ষিণ করে শহরের প্রধান সড়ক এন এস রোডের একতারা মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের নানা সেøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি একতারা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয়া নারীরা বলেন, দ্বীনভিত্তিক রাজনীতি, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কর্মসূচির প্রত্যাশা থেকেই তারা এই প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি বলেও তারা মত প্রকাশ করেন। এ সময় স্থানীয় জামায়াত নেতারা বলেন, কুষ্টিয়া সদর-৩ আসনে সাধারণ মানুষের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, পরিবর্তনের পক্ষে জনমত তৈরি হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এই সমর্থন নির্বাচনের দিন ভোটের বাক্সেও প্রতিফলিত হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন